মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এসব হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশকে জঙ্গিবাদী ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিদর্শন করে আমরা বিস্মিত হয়েছি। যেসব প্রতিষ্ঠানের ওপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলো বাঙালি জাতীয়তাবাদ, কৃষ্টি-সংস্কৃতি ও শিল্প-সাহিত্যের সঙ্গে জড়িত। এসব ঘটনার নেপথ্যে যে মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী শক্তি রয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।’
‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’-এর ৪৫ সদস্যের একটি দল আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিদর্শন করে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এই সংগঠনের আহ্বায়ক। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
জুনায়েদ বাবুনগরীর মতবিনিময়: এর আগে গত বুধবার রাতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস জুনায়েদ বাবুনগরী। এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মাদ্রাসার ছাত্ররা জড়িত নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অযথা আলেম-ওলামা ও নিরীহ মাদ্রাসার ছাত্রদের হয়রানি না করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কাশেমীসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে মাসুদুর রহমান নামের এক মাদ্রাসাছাত্র নিহত হন। এর জের ধরে পরদিন জেলা রেলওয়ে স্টেশন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, গ্রন্থাগার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।