মৌলভীপাড়ায় নতুন ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া ছাড়াই নতুন বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় গত শুক্রবার ২৫ কেভির ট্রান্সফরমারটি প্রতিস্থাপন করে।
৫ জুন গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। দুই দিন পর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লোকজন ট্রান্সফরমারটি খুলে নিয়ে আসে। বিদ্যুৎ না থাকায় গ্রামের ৪৪ জন গ্রাহক দুর্ভোগে পড়েন। গ্রাহকেরা পরে ট্রান্সফরমার লাগানোর কথা বললে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম-কম) মনজুর রহমান এটি মেরামত করতে তাঁদের কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ট্রান্সফরমার লাগানো হবে না বলে গ্রাহকদের জানিয়ে দেন তিনি।
এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘বদরগঞ্জের এক গ্রাম ছয় দিন ধরে বিদ্যুৎহীন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরদিন গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া ছাড়াই ট্রান্সফরমার লাগিয়ে দেওয়া হয়।
বিদ্যুৎ গ্রাহক শিক্ষক মোস্তাক আহমেদ বলেন, ট্রান্সফরমাটি বিকল হওয়ার পর বিদ্যুৎ বিভাগের লোকজন বলেছিলেন ট্রান্সফরমার মেরামত করতে ২৫ হাজার টাকা লাগবে। এ ছাড়া ওই এলাকায় দুটি সেচ-সংযোগের বকেয়া টাকা পরিশোধ করতে হবে। প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে আর টাকা নেওয়া হয়নি।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকা কার্যালয়ের এজিএম-কম মনজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রান্সফরমার লাগিয়ে ওই গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।