মৌলভীবাজার ও কুলাউড়ায় সংঘর্ষে ১৭ জন আহত
মৌলভীবাজার সদর উপজেলা ও কুলাউড়ায় বাড়ির রাস্তা ও মাদকের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছেন৷
সদর উপজেলায় গতকাল বুধবার এবং কুলাউড়ায় মঙ্গল ও বুধবার দুই দফায় সংঘর্ষ হয়৷
সদর থানার পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শনকাপন গ্রামের আবদুল হকের সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে আলী হোসেন ও খয়রুদ্দিনের বিরোধ ছিল৷
গতকাল সকাল নয়টার দিকে রাস্তা নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়৷ এতে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন৷ আহত ব্যক্তিরা মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
সরেজমিনে গতকাল বুধবার জানা যায়, কুলাউড়া উপজেলার সঞ্জবপুর বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদকের ব্যবসা চালিয়ে আসছিল৷ এই ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষ মঙ্গলবার প্রতিপক্ষের ওপর হামলা চালালে দুজন আহত হন৷
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বলেন, তিনি ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন৷