মৌলভীবাজার ও সিলেটে তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল সোমবার আবদুল আহাদ (৩২) নামের নিখোঁজ এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন কুলাউড়া উপজেলায় সাত-আট মাস বয়সী অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজের তিন দিনের মাথায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর গ্রামের রিপন মিয়ার (২০) লাশ গতকাল সকালে একটি নদী থেকে উদ্ধার করা হয়।
আবদুল আহাদ বড়লেখার তারাদরম গ্রামের আরমুজ আলীর ছেলে। গত রোববার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকাল আটটার দিকে পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফয়েজ খান তাঁর বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা লাশটি আহাদের বলে শনাক্ত করেন।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন বলেন, আহাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তিনি মৃগী রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বেলা ১১টার দিকে কুলাউড়ার কালিটি চা-বাগানের বাঁশ লাইন এলাকায় ঝোপের মধ্যে সাত-আট মাস বয়সী এক ছেলেশিশুর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় চা-শ্রমিকেরা। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দিদার উল্লাহ্ বলেন, শিশুটির মাথার পেছনে ও পিঠে জখম দেখা গেছে।
সিলেটের ওসমানীনগর থানার পুলিশ জানায়, সাদীপুর গ্রামের শাকির আলীর ছেলে রিপন মিয়াকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে শনিবার এ ব্যাপারে পুলিশকে জানানো হয়। গতকাল সকালের দিকে সাদীখাল নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে দেখে, ওই তরুণের পিঠে ছয়টি ইট ও তিনটি পাথর বাঁধা। এতে ঘটনাটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা রিপনের লাশ বলে শনাক্ত করেন।