পাখিবাড়িতে শিকারির উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হরিপাশা গ্রামের পাখিবাড়িতে শিকারির উৎপাত বেড়ে গেছে। সম্প্রতি এক বৃষ্টির রাতে প্রায় ১০০ বক ধরে নিয়ে গেছে শিকারিরা।
প্রায় রাতেই শিকারিরা বাড়িতে ঢুকে পাখি ধরার চেষ্টা করছে। শিকারিদের হাত থেকে পাখি রক্ষায় বাড়ির মালিক পাহারাদার নিযুক্ত করেছেন।
পাখিবাড়ি সূত্রে জানা গেছে, ৭ মে রাত ১২টার দিকে ঝড়বৃষ্টির সময় একদল শিকারি প্রায় ১০০ বক ধরে নিয়ে গেছে। বাড়ির লোকজন পরদিন ৮ মে এই পরিমাণ পাখির বাসা খালি পেয়েছেন। এ ঘটনার পর বাড়ির মালিক পাখি রক্ষা করতে পাহারাদার নিয়োগ দিয়েছেন।
আরও দুই দিন রাতে শিকারিরা এসেছিল। কিন্তু পাহারাদারের কারণে পাখি শিকার করতে পারেনি। এদিকে শিকারিরা বাড়ির দুটি প্রহরী কুকুরকে বিষটোপ খাইয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ এর একটি কুকুর গত রোববার মারা গেছে। বছর দুয়েক আগে পাখি ধরতে আসা চার শিকারিকে ধরে পুলিশে সোপর্দ করেন বাড়ির মালিক ও আশপাশের লোকজন।
পাখিবাড়ির মালিক মো. আরক আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘৭ মে ঝড়বৃষ্টির সময় প্রায় ১০০ বক ধরে নিয়ে গেছে শিকািররা। আমি পাহারাদার নিয়োগ দেওয়ার পরও দুই দিন শিকারিরা এসেছিল। হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করছি।’