মৌলভীবাজারে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে কমলাগাছ
মৌলভীবাজার জেলায় দুই বছর ধরে অজ্ঞাত রোগে কমলাগাছ মারা যাচ্ছে। কোনো প্রতিষেধকেই গাছগুলো বাঁচানো সম্ভব হচ্ছে না। কোনো কোনো বিশেষজ্ঞ এ জন্য আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করেছেন। এ অবস্থায় জেলার কমলাচাষিরা বিপাকে পড়েছেন।
বড়লেখা উপজেলা সদর ইউনিয়নের উত্তর ডিমাই এলাকার কামরান চৌধুরীর কমলাবাগান ঘুরে দেখা যায়, টিলায় সারি সারি কমলাগাছ। ফাঁকে ফাঁকে অন্যান্য গাছও আছে। অনেক কমলাগাছেই হলদে-সবুজ রঙের কমলা ঝুলছে। তবে এই কাঁচা-পাকা কমলা মালিককে স্বস্তি দিতে পারছে না। বাগান ঘুরে ঘুরে তিনি হলুদ হওয়া ও মরা গাছ দেখালেন।
কামরান চৌধুরী বলেন, ২০০৮ সালে ২৫ বিঘা টিলাভূমিতে তিন হাজার কমলাগাছ লাগান তিনি। মিশ্র ফল হিসেবে পেয়ারা, লিচু, কাঁঠাল, আম, লটকন, জাম্বুরা ইত্যাদির চারাও লাগান। কিন্তু দুই বছর ধরে কমলাগাছগুলোর পাতা ওপর থেকে প্রথমে ছোট হয়ে তারপর লাল রং ধারণ করে। একপর্যায়ে পুরো গাছটিই শুকিয়ে যায়। এভাবে দুই বছরে তাঁর বাগানের প্রায় ৪০০ কমলাগাছ মারা গেছে বলে জানান তিনি। বর্তমানে আরও প্রায় ২০০ গাছ আক্রান্ত অবস্থায় আছে।
কামরান অভিযোগ করেন, গাছ বাঁচাতে তিনি কৃষি বিভাগ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি। অন্য কমলাচাষি ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিভিন্ন ওষুধ ব্যবহার করেছেন, কিন্তু লাভ হয়নি। এভাবে চললে বাগান রক্ষা করাই কঠিন হবে বলে আক্ষেপ করেন তিনি।
জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের হায়াছড়া গ্রামের কমলাচাষি ইব্রাহীম মিয়া বলেন, গাছ মারা গিয়ে তাঁর বাগান ধ্বংস হয়ে গেছে। সাড়ে তিন হাজার গাছ ছিল তাঁর। এখন আছে মাত্র সাড়ে চার শ। এরও দেড় থেকে দুই শ গাছের পাতা হলুদ হয়ে গেছে।
তিনি বলেন, ২০১১-২০১২ সালেই তাঁর বাগানের বেশির ভাগ গাছ মরে যায়। নিজের অভিজ্ঞতা এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
সাইট্রাস (লেবুজাতীয় ফল) উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ফল বিশেষজ্ঞ আজমত উল্লাহ বলেন, এভাবে গাছ মারা যাওয়ার অন্যতম কারণ জলবায়ুর পরিবর্তন। আগের চেয়ে আবহাওয়ার তাপমাত্রা বেড়েছে। বৃষ্টিও কম। কমলাবাগানের জন্য বৃষ্টিপাত, আবহাওয়ায় আর্দ্রতা ও দোআঁশ মাটি লাগে। সেই সঙ্গে সুষম সার ও খরায় সেচ দিতে হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় থেকে জানা যায়, জেলায় ১৮১ হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। প্রতি হেক্টর থেকে গড়ে এক টন কমলা উৎপাদিত হয়। গত দুই বছরে জেলায় ৫২০টি গাছ মারা গেছে বলে অধিদপ্তরের কাছে তথ্য আছে।
অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, অধিদপ্তরের কাছে যে হিসাব আছে, মারা যাওয়া কমলাগাছের সংখ্যা আরও বেশি। চাষিরা তাৎক্ষণিকভাবে গাছ মারা যাওয়ার খবর না জানানো এবং নতুন গাছ লাগিয়ে ফেলায় প্রকৃত সংখ্যাটা জানা কষ্টকর। গাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে বিশেষজ্ঞ পর্যায়ে কথা বলতে হবে বলে তিনি জানান।