মৌলভীবাজারে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য
মৌলভীবাজার সদর উপজেলায় পিংকি বেগম নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত রোববার স্বামীর বাড়ি উপজেলার আইনপুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পিংকি বেগম (২২) আইনপুরের হুছাম উদ্দিনের (২৮) স্ত্রী। পিংকি বেগমের আত্মীয়স্বজন তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে স্বামীর বাড়ির লোকজন দাবি করেছে, তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে আইনপুরের আবদুল হকের ছেলে হুছাম উদ্দিনের সঙ্গে একই এলাকার মৃত আবদুল খালিকের মেয়ে পিংকির বিয়ে হয়। গত রোববার রাতে পিংকি বেগমকে তাঁর কক্ষের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুরবাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর উপজেলার শেরপুর ফাঁড়ির পুলিশ রাত আড়াইটার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়। ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
পিংকির স্বামী হুছাম উদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ অবস্থায় সিলেটে একটি হাসপাতালে আছি। দুই-তিন দিন আগে আমাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হয়েছিল। গত রোববার রাতে এটা মিটমাট হয়ে যায়। এরপর পিংকিকে ডাকতে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি সে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর আমি আর কিছু বলতে পারি না। আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’
শেরপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। পিংকির শ্বশুরবাড়ির লোকজন বলছে আত্মহত্যা। আবার স্বামী-শ্বশুর পালিয়ে যাওয়ায় সন্দেহ হচ্ছে। আমরা গিয়ে নিচে শোয়ানো অবস্থায় পেয়েছি। এখনো মামলা হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, আসলে কী হয়েছে।’