মৌলভীবাজারে চার গুণীজনকে সম্মাননা
লোকসংস্কৃতি গবেষণা, নৃত্য ও গানে বিশেষ অবদানের জন্য চার গুণীজনকে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৪ দেওয়া হয়েছে। গত রোববার রাতে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন গানে ছায়া রায়, লোকসংস্কৃতি গবেষণায় নন্দলাল শর্মা, নৃত্যে কৃষ্ণকুমারী সিনহা ও যন্ত্রশিল্পে জালাল নূরী। প্রধান অতিথিসহ অন্য অতিথিরা তাঁদের প্রত্যেককে উত্তরীয় পরিয়ে দেন। এ ছাড়া প্রত্যেককে একটি করে সনদপত্র ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান ও লোকগবেষক মাহফুজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।