মৌলভীবাজারে ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সন্ত্রাসীর ছুরিকাঘাতে প্রণজিৎ পাল (৪৯) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের শমশেরনগর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রণজিৎ পাল অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার প্রধান শাখার কর্মকর্তা ছিলেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনি স্ত্রীকে আনার জন্য রিকশায় করে শহরের সিলেট-হবিগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। শমশেরনগর সড়কের চৌমোহনা এলাকার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুই সন্ত্রাসী তাঁর রিকশার গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা তাঁর বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তিনি কিছুটা দৌড়ে এসে পড়ে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রণজিৎ পাল মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনোহরকোনা গ্রামের মৃত প্রিয়নাথ পালের ছেলে। সৈয়ারপুর স্কুল রোডে একটি ভাড়া বাসায় তিনি পরিবার নিয়ে থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক বলেন, পারিবারিক দ্বন্দ্ব ও জমি নিয়ে বিরোধের কারণে তাঁর ওপর ওই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।