মৌলভীবাজারে ঝড়ে নিহত ১, আহত ২০

মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবার ঝড় বয়ে গেছে। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুপ্রাকান্দ্রি গ্রামের সৈয়দ মনফর আলীর ঘরের চাল উড়ে যায়। এরপর বড় আকারের শিলাবৃষ্টির আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এবং পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন। মুন্সীবাজার ও ফতেহপুর ইউনিয়নের শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের বোরো ধানের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় দেড় হাজার একর জমির বোরো ফসল ঝরে গেছে।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছাতির মিয়া বলেন, ‘আমার পুরা ইউনিয়ন কমবেশি ক্ষতিগ্রস্ত। শিলাবৃষ্টিতে ধান শেষ। প্রায় বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছি।’
ফতেহপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ৭০ শতাংশ ধান শেষ।
কুলাউড়ার জয়চণ্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ জানান, ঝড়ে তাঁর এলাকার বিভিন্ন গ্রামে কাঁচা বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।