হাওর-বাঁওড়ের এলাকা মৌলভীবাজারে দেশি মাছের আকাল চলছে। সময়মতো এবং প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় মাছ ডিম ছাড়তে পারেনি। অত্যধিক তাপমাত্রার কারণে মাছের ডিম নষ্ট হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা হয়েছে বলে মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এতে মৌলভীবাজার জেলায় মাছের সংকট তীব্র হয়েছে। বাজারে দেশি প্রজাতির মাছ আগের মতো আর পাওয়া যাচ্ছে না।
মৎস্য বিভাগ সূত্র ও স্থানীয় কয়েকজন জেলে জানান, জেলার প্রাকৃতিক ও মুক্ত জলাশয়ে দেশি মাছ নেই বললেই চলে। মাঝেমধ্য কিছু ছোট মাছ মিললেও বড় মাছের দেখা মিলছে না। খামারে উৎপাদিত তেলাপিয়া ও পাঙাশ এবং দেশের বাইরে থেকে আসা রুইজাতীয় মাছ স্থানীয় চাহিদা পূরণ করছে।
জেলা মৎস্য বিভাগের এক কর্মকর্তা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার খরার স্থায়িত্ব ছিল বেশি। মাছের ডিম ছাড়ার সময়ে বৃষ্টিপাত হয়নি। পানি শুকিয়ে যাওয়ার সুযোগে কাওয়াদীঘি, হাকালুকি, হাইল হাওরসহ বিভিন্ন ছোট-বড় হাওরের ইজারাদারেরা বিল শুকিয়ে মাছ ধরেছেন। এখনো পর্যাপ্ত বৃষ্টি হয়নি। অন্যান্য বছর এ মৌসুমে হাওর-বাঁওড়ে যে পরিমাণ পানি থাকে এবার তা নেই। বৃষ্টির সময় মাছ নদী, ছড়া বা খালের স্রোতের উজানে গিয়ে ডিম ছাড়ে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় স্রোতের অভাবে মা-মাছ ডিম ছাড়তে পারেনি। কিছু মাছ অগভীর স্থান ও শেওলাপূর্ণ এলাকাতে ডিম ছাড়লেও সেই ডিম ফুটছে না। যেগুলো ফুটছে, সেই পোনাও বাঁচতে পারছে না।
জেলা মৎস্য বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, অত্যধিক তাপমাত্রার কারণে কৃত্রিম পোনা উৎপাদনের ক্ষেত্রেও সমস্যা হয়েছে। মা-মাছের পেটে ডিম আসেনি। কিছু পোনা উৎপাদন হলেও তার মান ভালো নয়। মৎস্যখামারিরা প্রয়োজনীয় পোনা পাচ্ছেন না। ফলে এবার মৌলভীবাজার জেলায় প্রাকৃতিক ও মুক্ত জলাশয়ের মাছ উৎপাদন কম হবে।
মাছ ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের পাইকারি মাছ ক্রয়-বিক্রয়ের প্রধান কেন্দ্র (মোকাম) হচ্ছে সদর উপজেলার শেরপুর। সেখানে মাছের ২৪টি আড়ত রয়েছে। মেঘনা মৎস্য আড়তের পরিচালক মিজানুর রহমান বলেন, বর্ষা মৌসুমে অন্যান্য বছর প্রতিদিন সব কটি আড়তে জেলেরা ১২ থেকে ১৪ লাখ টাকার মাছ বিক্রি করতেন। কিন্তু এ বছর বিক্রি করছেন মাত্র দুই থেকে আড়াই লাখ টাকার মাছ। তিনি আরও জানান, বর্ষায় নদীতে রুই, চিতল, আইড় মাছ পাওয়া যেত। এখন পাওয়া যাচ্ছে না।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর মৌলভীবাজার জেলায় ৩৩ হাজার ৮৫৩ দশমিক ৭৮ টন মাছ উৎপাদিত হয়েছে। খরার কারণে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমে গেছে। মৎস্য খামারেও উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এ বছর উৎপাদন অনেক কম হবে।
বিরইমাবাদ গ্রামের যুবক জুনেদ আহমদ বলেন, ‘আমরা শখ করে মাছ শিকার করি। অন্যান্য বছর এ সময় ধানখেতে শোল, গজার, বোয়াল মারছি। এবার আইজ প্রথম আইছি। একটা মাগুর পাইছি। মাছ নাই।’
জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক নৃপেন চন্দ্র দাস ৫ জুলাই প্রথম আলোকে বলেন, বৃষ্টির অভাব, অত্যধিক তাপমাত্রার কারণে মাছে ডিম আসেনি। যেগুলোতে ডিম এসেছে প্রয়োজনীয় বৃষ্টিপাত ও স্রোত না থাকায় তারা ডিম ছাড়তে পারেনি। জলবায়ু পরিবর্তনের কারণে এই সমস্যা হয়েছে। এ কারণে এবার মাছের উৎপাদন অনেক কম হবে।