মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
মৌলভীবাজারে পরিবহনশ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রত্যাহার করা হয়েছে। আজ বিকেল সাড়ে চারটা থেকে বাংলাদেশ চা গষেষণা ইনস্টিটিউটে (বিটিআরই) চলা টানা দুই ঘণ্টার বৈঠক শেষে পরিবহন-শ্রমিকনেতারা এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রীমঙ্গল উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না মিয়া প্রমুখ।
টানা দুই ঘণ্টার বৈঠকে বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করা হয়। আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গৃহীত হয় যে অতিরিক্ত জেলা হাকিম ফারুক আহমদের নেতৃত্বে চার সদস্যের তদন্তদল সরেজমিনে তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ধর্মঘটে ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, পরিবহনশ্রমিকসহ নানা পেশার মানুষের দুর্ভোগের কথা ভেবেই তদন্তের প্রতি আস্থা রেখে পরিবহনশ্রমিকেরা তাঁদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না মিয়া ধর্মঘট প্রত্যাহারের কথা স্বীকার করে বলেন, ধর্মঘটে যাঁরা সহায়তা করেছেন, তাঁদের প্রতি শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন কৃতজ্ঞ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল হকও পরিবহন শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।