মৌলভীবাজারে বিদ্যুৎ বিপর্যয়, গ্রাহকদের ভোগান্তি
প্রধান বিদ্যুৎ লাইনের গ্রিড সুইচ প্যানেল বোর্ড পুড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে মৌলভীবাজারের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে গ্রাহকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
ত্রুটি সারিয়ে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও তিন দিন সময় লাগবে বলে জানা গেছে।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার থেকে হঠাৎ করে শ্রীমঙ্গলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনের গ্রিড সুইচ প্যানেল পুড়ে যায়।
এ ঘটনার পর পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের স্বাভাবিক পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। পবিস ও পিডিবি মিলে প্রতিদিন জেলায় ৪৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে। অথচ যান্ত্রিক ত্রুটির পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মাত্র ১৫ মেগাওয়াট।
ফলে শুক্রবার থেকে লোডশেডিং অনেক বেড়ে গেছে। আগে দিন ও রাত মিলে সর্বোচ্চ দুই ঘণ্টা লোডশেডিং হতো। এখন দিনে দুই দফায় দুই ঘণ্টা ও রাতে দুই দফায় দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ফলে গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যবসায় ক্ষতি হচ্ছে।
পবিস কমলগঞ্জ অঞ্চলের প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, কমলগঞ্জে গড়ে প্রতিদিন ১১ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার জায়গায় শুক্রবার থেকে সরবরাহ করা হচ্ছে ৪ মেগাওয়াট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দিনে লোডশেডিং চলাকালে আইপিএস ব্যবহার করে কোনোরকমে দাপ্তরিক কাজ চলছে।
পবিস মৌলভীবাজারের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হাসনাত হাসান বলেন, বিদ্যুৎ লাইন চালুর জন্য সংস্কারকাজ চলছে। এতে সময় লাগবে আরও তিন দিনের মতো। এ অবস্থায় সমস্যার কথা ভেবে ধৈর্য ধারণ করতে মুঠোফোনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও গ্রাহকদের খুদে বার্তা দেওয়া হয়েছে।