মৌলভীবাজারে বিপদাপন্ন হিমালয়ান শকুন উদ্ধার

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জনসাধারণের হাতে আটক একটি বিপদাপন্ন প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার করেছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের একটি বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা গেছে, শকুনটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। অযত্ন-অবহেলায় পাখিটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল।
কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, শকুনটিকে ঠিকমতো খাবার দেওয়া হয়নি। বেশ দুর্বল ছিল।
বন্য প্রাণী গবেষক তানিয়া খান প্রথম আলোকে বলেন, ‘শকুন মাত্রই এখন বিপন্ন। এটি আমাদের দেশে নেই। বিশ্বে বিপদাপন্ন। এটিকে হিমালয়ান ভালচার বা বৃহত্তম গিদরি বা হিমালয়ান গৃধিনী বলা হয়ে থাকে। ইউরোপ, উত্তর আমেরিকা, পাকিস্তান, ভারত, নেপাল, তুরস্ক, মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ এশিয়ায় এটির বিস্তৃতি। শীত মৌসুমে এদের বাংলাদেশে দেখা যায়।’