মৌলভীবাজারে মায়া হরিণ শিকার উদ্বেগজনক
মৌলভীবাজারের পাহাড়ি বনাঞ্চলে দল বেঁধে বিচরণ করে মায়া হরিণ। মাঝেমধ্যে দলছুট কোনো হরিণ বন থেকে বেরিয়ে চলে আসে লোকালয়ে। আর তখন ঘটে বিপত্তি। লোকজন ধাওয়া দেন। ধরে ফেলেন হরিণ। জবাই করেন। গত ১০ মাসে এমন অন্তত সাতটি মায়া হরিণ ও একটির চামড়া উদ্ধার করা হয়েছে। এদিকে গভীর বনে শিকার করা হচ্ছে মায়া হরিণ। এতে কর্মকর্তারা উদ্বিগ্ন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বন বিভাগ এবং বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জনশূন্য গভীর বনে শিকারিরা ফাঁদ পেতে, এমনকি গুলি করে মায়া হরিণ শিকার করেন। তবে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সহজে মেলে না। তথ্য পাওয়া যায় লোকালয়ে ধরা পড়া হরিণের।
গত ডিসেম্বর থেকে গত মাস পর্যন্ত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগ অন্তত সাতটি হরিণ উদ্ধার করে। এর মধ্যে গত বছরের ২৫ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলার কালীবাড়ি রোড থেকে একটি হরিণ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। গত ৩১ জানুয়ারি এম আর খান টি এস্টেট থেকে একটি মাদি হরিণ উদ্ধার করা হয়। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে রাখা হয়। ২৫ এপ্রিল জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানের শ্রমিকেরা একটি হরিণ ধরেন। এটিকেও উদ্ধার করে বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে রাখা হয়েছে।
২৭ মে বেড়াছড়া এলাকা থেকে জবাইয়ের আগ মুহূর্তে শিকারির হাত থেকে একটি হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। ২০ জুলাই কালাছড়া বিটের করিমগঞ্জ এলাকা থেকে একটি হরিণ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ধরার জন্য হরিণটিকে ধাওয়া করলে এটি হাইল হাওরের পানিতে পড়ে যায়। কৃষকেরা হরিণটি উদ্ধার করেন। পরে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। এদিকে ৭ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪৬) কাঁঠালতলি বিওপির একটি দল কমলগঞ্জ উপজেলার আদমপুরের সংরক্ষিত বন এলাকা থেকে জবাইয়ের আগ মুহূর্তে মাদি হরিণ উদ্ধার করে। তবে শিকারিরা আগেই পালিয়ে যেতে সক্ষম হন। পায়ে ও গলায় আঘাত থাকায় হরিণটিকে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নেওয়া হয়। কিন্তু পরদিন হরিণটি মারা যায়।
১০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলার সাইটোলা গ্রামের একটি ধানখেত থেকে জবাই করা মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়। ২১ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনাঞ্চল থেকে বেরিয়ে আসা একটি মায়া হরিণ কুরমা-চাম্পারা এলাকায় লোকজন ধাওয়া করে ধরে ফেলেন। বন বিভাগের লোকজন খবর পেয়ে হরিণটি উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য হরিণটি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়। সেখানে হরিণটির পেছনের ডান পায়ের অর্ধেক অংশ কেটে ফেলতে হয়। বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে বলেন, হরিণটি এখন ৯৫ শতাংশ সুস্থ। চিকিৎসা চলছে।
১০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলার সাইটোলা গ্রাম থেকে মায়া হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর আওতায় আটজনকে আসামি করে মামলা করেছে। সিলেট বিভাগে এই আইনে এটাই প্রথম মামলা। এই আইনে বন্য প্রাণী হত্যাকারীর সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, মায়া হরিণ এ এলাকার ঐতিহ্য। কিন্তু প্রায়ই বনের গভীরে হরিণ শিকারের ঘটনা ঘটছে। বিষয়টি উদ্বেগজনক। শিকারিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। কিন্তু লোকবলসংকট ও দুর্দম এলাকা হওয়ায় শিকারিরা আগেই পালিয়ে যান। তাঁদের প্রতিহত করতে ও মায়া হরিণ সংরক্ষণে সবার এগিয়ে আসা দরকার।