মৌলভীবাজারে সাত সাংবাদিক পেলেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে বৃক্ষমেলা-২০১৪ উপলক্ষে দৈনিক পত্রিকা ও টেলিভিশনের সাত সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার শেষ দিনে প্রত্যেকের হাতে সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কৃষির ওপর ও কৃষককে উৎসাহ দিতে সংবাদ প্রকাশ করায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়৷
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গত ২০ জুন থেকে ২৬ জুন সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সম্মাননা পাওয়া সাংবাদিকেরা হলেন চ্যানেল আইয়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ সালাম, এনটিভির এস এম উমেদ আলী, সময় টেলিভিশনের শাহ অলিদুর রহমান, দেশ টিভির সালেহ এলাহী, বিটিভির হাসানাত কামাল, এসএ টিভির পান্না দত্ত এবং প্রথম আলোর প্রতিনিধি আকমল হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক এস এম আফসারুজ্জামানের সভাপতিত্বে ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীনের সঞ্চালনায় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এতে পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, কৃষক হুমায়ূন কবীর প্রমুখ বক্তৃতা করেন। সব শেষে বিভিন্ন উপজেলার মসজিদের ইমামদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।