মৌলভীবাজারে সায়রা মহসিনকে সংবর্ধনা
মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।
মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সায়রা মহসিনের হাতে ফুলের তোড়া তুলে দেন।
সংবর্ধনার জবাবে সৈয়দা সায়রা মহসিন বলেন, স্বামীর কাছ থেকে শিখেছি কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, কীভাবে সংগ্রাম করতে হয়। দলে সব ভুল বোঝাবুঝির অবসান করে একে অন্যের সঙ্গে কাজ করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সায়রা মহসিন তাঁকে আওয়ামী লীগের প্রার্থী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘মন্ত্রীর বাড়িটি আপনাদের আস্থার ঠিকানা হয়েই থাকবে। আপনারা সব সময় কোনো অনুমতি ছাড়াই আগের মতো আসবেন। যেভাবে আমার স্বামী বেঁচে থাকতে আসতেন।’
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ ও মুহিবুর রহমান তরফদার এবং মহসিন আলীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন প্রমুখ।