মৌলভীবাজারে হামলায় দুজন নিহত
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে নিকটাত্মীয়দের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের চারজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার সকালে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সদর উপজেলার কামালপুর ইউনিয়নের খালিশপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাগনের লাঠির আঘাতে এলাইছ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এলাইছ মিয়া খালিশপুর গ্রামের মৃত আবদুর নূরের ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ভাগনে জায়েদ ও খসরুর সঙ্গে এলাইছ মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে এলাইছ মিয়ার মাথায় তাঁরা লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত মামাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও পরে সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে তিনি মারা যান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপন ভাগনের হামলায় আহত এলাইছ মিয়া মারা যান। তবে কোন ভাগনের লাঠির আঘাতে মারা গেছেন, তা নিশ্চিত করে জানা যায়নি। এখনো মামলা হয়নি।
অপরদিকে রাজনগরের ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাই-ভাতিজার হামলায় লুদি মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লুদি মিয়া ও তাঁর বড় ভাই আলতা মিয়ার (৬০) মধ্যে অনেক দিন ধরেই বিরোধ ছিল। ছোট ভাই ইসলামপুরের পুরোনো বাড়িতে বাস করতেন এবং আলতা মিয়া কাছেই সোনালোহা গ্রামে নতুন বাড়ি করছেন। লুদি মিয়া গত মঙ্গলবার আলতা মিয়ার একটি নৌকা আটকালে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল বুধবার সকাল নয়টার দিকে লুদি মিয়া মৌলভীবাজার যাওয়ার পথে সোনালোহা গ্রামের কাছে ভাই ও ভাতিজারা তাঁর পথ আটকে হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই লুদি মিয়া নিহত হন। পুলিশ আলতা মিয়া, তাঁর (আলতা মিয়া) স্ত্রী নুলেছা বেগম, ছেলে আনোয়ার মিয়া ও মেয়ে লিচি বেগমকে আটক করেছে।
রাজনগর থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।