মৌলভীবাজারের চারজনের বিরুদ্ধে দুই অভিযোগ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার চারজনের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন আকমল আলী তালুকদার (৭৬), আবদুন নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আবদুল মোছাব্বির মিয়া (৬৪)।
তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সংবাদ সম্মেলনে বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে। এতে ৬১ জনকে হত্যা ও ছয় জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
সংস্থার সহসমন্বয়ক এম সানাউল হক বলেন, চারজনই একাত্তরে মুসলিম লীগের সমর্থক ছিলেন। আকমল আলী তালুকদার ছিলেন শান্তি কমিটির সদস্য। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বাকি তিনজন জামায়াতে ইসলামীর কর্মী।