মৌলভীবাজারের তিনটি চা-বাগানে শ্রমিক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফিনলে টি কোম্পানির হুগলিছড়া চা-বাগানের ব্যবস্থাপকের অপসারণের দাবিতে শ্রমিকেরা গত শনিবার থেকে ধর্মঘট অব্যাহত রেখেছেন। এদিকে, হুগলিছড়া চা-বাগানের শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে আমরইল ও গান্ধীছড়া চা-বাগানের শ্রমিকেরাও গতকাল বুধবার ধর্মঘট পালন করেছেন।
হুগলিছড়া বাগানের চা-শ্রমিকদের অভিযোগ, বাগানের ব্যবস্থাপক বেলাল আহমদ চা-শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে অপসারণের দাবিতে শ্রমিকেরা গত শনিবার থেকে ওই বাগানে ধর্মঘট শুরু করেন। হুগলিছড়া চা-বাগানে নিয়মিত শ্রমিক ৬২৪ জন ও অনিয়মিত ৬০০ জন। হুগলিছড়া চা-বাগানের শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে একই কোম্পানির আমরইল চা-বাগানের ৬৭৩ এবং গান্ধীছড়া চা-বাগানের ৩৭৬ জন নিয়মিত শ্রমিক গতকাল বুধবার কাজ থেকে বিরত ছিলেন।
ওই তিনটি বাগানের শ্রমিক নেতারা জানান, আজ বৃহস্পতিবার থেকে ৮ মার্চ পর্যন্ত ফাগুয়ার (দোল উৎসব) বন্ধ। এর মধ্যে ওই ব্যবস্থাপককে না সরানো হলে ৯ মার্চ থেকে আবার ধর্মঘট শুরু হবে।
হুগলিছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দুর্য দাস গতকাল প্রথম আলোকে বলেন, ‘চার বছর ধরে ম্যানেজার খুব খারাপ আচরণ করছেন। জ্বালা অনেক সহ্য করেছি। যেকোনো কথায় বলে লাথি মেরে বের করে দেব। এখন শ্রমিকেরা বলছে ভুখে মরে যাব; তবু এই ম্যানেজারকে চাই না। কাজ একেবারে বন্ধ।’ হুগলিছড়া চা-বাগানের ব্যবস্থাপক বেলাল আহমদের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ‘ম্যানেজার বেলাল সাহেবের বিরুদ্ধে আগে থেকেই শ্রমিকদের অভিযোগ ছিল। মালিক-শ্রমিক সুষ্ঠু সম্পর্ক অব্যাহত রাখতে তাঁর (ম্যানেজারের) অপসারণ দরকার।’
হুগলিছড়া চা-বাগানের উপমহাব্যবস্থাপক মো. জাবেদ আশরাফ বলেন, ‘ম্যানেজারকে অপসারণের এখতিয়ার আমার নেই। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এখন কোম্পানি সিদ্ধান্ত নেবে।’