মৌলভীবাজারের পাঁচ আসামির অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে ৮ ডিসেম্বর আদেশের দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
পাঁচ আসামির মধ্যে ইউনুছ আহমদ ও ওজায়ের আহমদ চৌধুরীকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর তিন আসামি সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী ও মোবারক মিয়া পলাতক। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতনের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ, আবুল কালাম ও রেজিয়া সুলতানা। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম। পরে সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ হয়েছে। অভিযোগ গঠন বিষয়ে ৮ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।
গত ২৬ মে পাঁচ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।