মৌলভীবাজারের পাঁচ আসামির বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই আসামির উপস্থিতিতে এই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন রাখা হয়েছে।

গত ২৬ মে মৌলভীবাজারের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ এবং আটকে রেখে নির্যাতনের পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আসামিরা হলেন সামছুল হোসেন তরফদার, মো. নেছার আলী, ইউনুছ আহমদ, ওজায়ের আহমদ চৌধুরী ও মোবারক মিয়া। ইউনুস ও ওজায়ের ছাড়া অপর তিনজন পলাতক।

অভিযোগ গঠনের ওপর গত ২ নভেম্বর শুনানি নিয়ে ট্রাইব্যুনাল ৮ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন কৌঁসুলি সুলতান মাহমুদ, আবুল কালাম ও রেজিয়া সুলতানা। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। রেজিয়া সুলতানাবলেন, ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

২০১৪ সালের ১২ অক্টোবর এই পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তদন্ত শেষে গত জানুয়ারিতে রাষ্ট্রপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। গত বছর ১৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেদিন মৌলভীবাজারের রাজনগরের গয়াসপুর গ্রাম থেকে ওজায়ের (৬০) ও শহরের চৌমোহনা থেকে ইউনুছ আহমদকে (৭০) গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আলবদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।