পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করে বলেছেন, কোনো প্রকল্পই জীবন বদলে দিতে পারে না, যদি জনগোষ্ঠী মৌলিক অধিকারবঞ্চিত থাকে। পার্বত্য চট্টগ্রামে অনেক বড় বড় আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কারণ, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় মানুষ নিজেদের মৌলিক অধিকার ভোগ করতে পারছে না।
গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ‘কমিউনিটিভিত্তিক বন সংরক্ষণ ও বননির্ভর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন প্রকল্পের’ আওতায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ‘আরণ্যক ফাউন্ডেশনের’ সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা ‘হিল ফ্লাওয়ার’ এই অনুদান দিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক নীলু কুমার তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে সন্তু লারমা অভিযোগ করেন, ‘শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করেছে। আর আমাদের কিছু মানুষ তাদের সহযোগিতা করেছে। এখন আমাদের পানির অভাব, ভাতের অভাব এবং কথা বলার স্বাধীনতার অভাব।’
আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অনেকে বন ধ্বংসের জন্য স্থানীয় লোকজনকে দায়ী করে, এটা অন্যায়। বন ধ্বংস করে কতিপয় সুবিধাভোগী মানুষ।
স্থানীয় কার্বারি (গ্রামপ্রধান) ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘২০০৯ সালে প্রকল্প শুরু হওয়ার পর থেকে আমরা আর কাউকে এই এলাকার পাহাড়ি ছড়া থেকে পাথর তুলতে এবং ব্যবসায়িক ভিত্তিতে গাছ কাটতে দিই না। এখন আমাদের ছড়ায় শুষ্ক মৌসুমেও অনেক পানি থাকে।’
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংহ্লাচিং মারমা জানান, তাঁর ইউনিয়নে এখনো অনেক জায়গায় পাথর তোলা হচ্ছে। ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার পরও তা বন্ধ হচ্ছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরণ্যক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশীষ তঞ্চঙ্গ্যা।