
লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ডেভিড লুইস বলেছেন, বাংলাদেশে মৌলিক উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কাজে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এর মূল কারণ কঠিন রাজনৈতিক পরিবেশ। এ ছাড়া বিদেশি দাতার মর্জিমাফিক অর্থসহায়তা দেওয়া, নেতৃত্ব ও ব্যবস্থাপনার দুর্বলতা এবং জবাবদিহি কমে যাওয়াও এর অন্যতম কারণ।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউ ল্যাব) আয়োজিত ‘বাংলাদেশের মৌলিক উন্নয়নে কাজ করা এনজিওগুলোর অধোগতি’ শীর্ষক জনবক্তৃতায় ডেভিড লুইস এ কথা বলেন। এই অধোগতি থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
ডেভিড লুইস দেশের এনজিও এবং উন্নয়নের ওপর আলোচনা করেন। বিশেষ করে তৃণমূলে উন্নয়নমূলক কাজ করা এনজিওগুলোর ওপর বেশি আলোকপাত করেন এবং কীভাবে এগুলোর অধোগতি হয়েছে সেটি তুলে ধরেন।
তৃণমূলে সামাজিক উদ্বুদ্ধকরণে কাজ করা উন্নয়নমূলক এনজিওগুলোর ইতিহাস বিশ্লেষণ করে ডেভিড লুইস বলেন, প্রশিকা (১৯৭৬ সালে প্রতিষ্ঠিত), গণ সাহায্য সংস্থা (প্রতিষ্ঠা ১৯৮৩), সমতা (প্রতিষ্ঠা ১৯৭৬) নব্বইয়ের দশক ও ২০০০-এর আগ পর্যন্ত তাদের সর্বোচ্চ অবস্থানে ছিল। কিন্তু এখন তাদের অনেকেই দৃশ্যপট থেকে দূরে চলে গেছে অথবা তারা ক্ষুদ্রঋণের কাজে অন্তর্ভুক্ত হয়েছে।
এই অধোগতি অনিবার্য ছিল না উল্লেখ করে ডেভিড লুইস বলেন, নিজেরা করির মতো বেসরকারি সংস্থা এখনো মৌলিক ঐতিহ্য ধরে রেখে কার্যকর আছে। এই উদাহরণ এটাই প্রমাণ করে, যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এখনো মৌলিক কাজ করা সম্ভব। তিনি বলেন, এনজিওর জন্য চ্যালেঞ্জ শুধু বাংলাদেশেই নয়। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের উদাহরণও টানেন তিনি।
যেকোনো সমাজের জন্য নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে ডেভিড লুইস বলেন, তাদের নতুন কৌশল তৈরি করতে হবে, যেখানে বিকল্প নতুন রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠতে পারে এবং সরকার ও ব্যবসায় আরও বেশি জবাবদিহি হতে পারে।
জনবক্তৃতায় স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।