মৌসুমি খাদ্যঘাটতি নিয়ে অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচির দুর্গম এলাকার জুমচাষিদের মৌসুমি খাদ্যঘাটতিকে বিভিন্ন গণমাধ্যম খাদ্যসংকট হিসেবে তুলে ধরে অতিরঞ্জিত প্রতিবেদন করেছে বলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দাবি করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। সভায় দাবি করা হয়, থানচির কোথাও খাদ্যাভাব নেই। কিছু জুমচাষির খাদ্যঘাটতিকে সাংবাদিকেরা ভুলভাবে তুলে ধরেছেন। এতে জেলার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে সেনাবাহিনীর সার্বিক সমন্বয়ে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে প্রায় ৮ টন চাল পাঠানো হয়েছে।
সভায় আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, শফিকুর রহমান, মেজর আবু সাঈদ মো. মেহেদি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেনসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খাদ্যঘাটতিতে পড়া ২ হাজার ৩০০ পরিবারের জন্য হেলিকপ্টারে ও নৌপথে গতকাল পর্যন্ত ৪৬ টন চাল পাঠানো হয়েছে। প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
জানতে চাইলে থানচির বলীপাড়া ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, চাল বিতরণ শুরু হওয়ার পর দুর্গম এলাকার খাদ্যঘাটতি পরিস্থিতি কেটে গেছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক প্রথম আলোকে বলেন, থানচির খাদ্যঘাটতি পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য গতকাল দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন পরিচালক রেমাক্রি ইউনিয়ন পরিদর্শনে যান।