মৌসুমি চায়ের দোকান
নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচন ঘিরে মহল্লার মোড়ে মোড়ে গড়ে উঠেছে চায়ের দোকান। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকান সরগরম থাকে। চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে সেখানে চলে ভোটের আলাপ।
ছয়জন চায়ের দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা শেষ বিকেলে দোকানগুলো খোলেন। এখন মাঠে কাজ। তাই সন্ধ্যার পর থেকে খদ্দের বাড়তে থাকে। নানা শ্রেণি-পেশার মানুষ দোকানে ভিড় জমায়। মেয়র পদপ্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকেরা এখানে খোশগল্পে মেতে ওঠেন। কখনো কখনো নিজ প্রার্থীর সমর্থনে উত্তপ্ত হয়ে ওঠে এখানকার পরিবেশ। আলাপচারিতার সঙ্গে সঙ্গে চলে টুকটাক খাওয়াদাওয়া। তাই এসব দোকানে পেঁয়াজু, ডিম, ভাপা পিঠা ও চিতই পিঠাও বিক্রি করা হচ্ছে। এভাবে গভীর রাত পর্যন্ত সরব থাকে চায়ের দোকানগুলো।
চাঁচকৈড় গাড়িষাপাড়ার মো. শাহজাহান আলী বলেন, গাড়িষাপাড়া মহল্লার ডাবলুর মোড়ে তিনটি, আমজাদ সরদারের মোড়ে দুটি, মাদ্রাসা মোড়ে দুটি, গোলাপের মোড়ে চারটি, মান্নান মাস্টারের মোড়ে চারটি, সব্দেরের মোড়ে তিনটি, দুখাফকিরের মোড়ে তিনটি, মধ্যমপাড়া ব্রিজ মোড়ে দুটি, রোকেয়া মোড়ে দুটি, চাঁচকৈড় ছাতার মোড়ে তিনটিসহ বিভিন্ন মহল্লায় শতাধিক নতুন চায়ের দোকান হয়েছে।