পাকিস্তান ছেড়ে লিসবনের পথে মৌসুমী রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী রহমান। ছবি: সংগৃহীত
মৌসুমী রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমান পাকিস্তান ছেড়ে এখন লিসবনের পথে। সেখানকার স্থানীয় সময় বিকেলে সাড়ে চারটার পর (বাংলাদেশের সময় রা​ত সাড়ে ১০ টা) পর্তুগালের রাজধানীতে তাঁর পৌঁছানোর কথা।
পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ই​মতিয়াজ আহমেদ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে মৌসুমী বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দেবেন।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জেরে ইসলামাবাদ গত মঙ্গলবার বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলে। ফারিনাকে প্রত্যাহারের জের ধরে পাকিস্তান যে পাল্টা পদক্ষেপ নেবে, সরকার এটি আগেভাগেই আঁচ করতে পেরেছিল। তাই সরকার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে ঢাকায় না এনে লিসবনে বদলির সিদ্ধান্ত নিয়েছিল।