মৌসুমী রহমানকে প্রত্যাহারের ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, পাকিস্তান তাদের দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিককে প্রত্যাহার করতে বলার বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। কারণ কেন বাংলাদেশের কূটনীতিককে প্রত্যাহার করতে হবে, তা ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (দক্ষিণ এশিয়া ও সার্ক) কাছে জানতে চেয়েছিলেন। পাকিস্তান কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

আজ বুধবার বিকেলে প্রতিমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জের ধরে এবার ইসলামাবাদ থেকে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে বলেছে পাকিস্তান। কাল বৃহস্পতিবার বিকেলের মধ্যে তাঁকে পাকিস্তান থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।

জানা গেছে, ফারিনা আরশাদকে ফিরিয়ে নিতে বাংলাদেশ যেমন পাকিস্তানকে অনানুষ্ঠানিকভাবে বলেছিল, তেমনি মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে ঢাকাকে মৌখিকভাবে বলেছে ইসলামাবাদ।

পাকিস্তানের সর্বশেষ পদক্ষেপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমরা কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়বস্তু হতে চাই না। দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে যেটুকু ধৈর্য ধারণ করা দরকার, আমরা তা করব। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো ধরনের আগাম মন্তব্য করব না। তবে পাকিস্তান যা করেছে, তা কখনো সম্পর্কের জন্য সহায়ক হতে পারে না।’

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে সে ধরনের কোনো পরিকল্পনা নেই।

ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন ও করাচিতে উপ-হাইকমিশন—এ দুটি দপ্তরের মধ্যে একটি মিশন রাখা কিংবা কূটনীতিক মিশন দুটির জনবল কমানোর কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপাতত এ নিয়েও কোনো পরিকল্পনা নেই। দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে অভিন্ন কিছু স্বার্থ আছে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা উচিত কি না, তা নিয়ে সংসদে আলোচনার কথা উঠেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাহরিয়ার আলম বলেন, ‘সরকার তো সংসদের কাছে দায়বদ্ধ। কাজেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে তো সংসদে আলোচনা হতেই পারে। তবে আমরা কী করব সেটা সময়ই বলে দেবে। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কেউ যদি অগ্রহণযোগ্য অবস্থান নিয়ে থাকেন, কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কেউ যদি ইতিহাসকে ৪৪ বছর পরে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা করেন, তা আমরা কোনোভাবেই মেনে নেব না। সে ক্ষেত্রে সংসদে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।’

সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো সম্ভাবনাই তো উড়িয়ে দিচ্ছি না।’

ভারতের নাম উল্লেখ না করে শাহরিয়ার আলম বলেন, ‘পাকিস্তান অতীতে প্রায় নিয়মিতভাবে ও ব্যাপক হারে তাদের একটি প্রতিবেশী দেশের কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। তারপরও কিন্তু তারা ওই দেশের সঙ্গে যোগাযোগ কিংবা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। সম্পর্কের হয়তো উঠানামা গেছে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে হলেও ওই দেশের সঙ্গে তারা সম্পর্ক রেখেছে। কাজেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। তবে আমরা কোনোভাবেই বাংলাদেশের জাতীয় স্বার্থে, একাত্তরের ইতিহাস, মানবতাবিরোধীদের বিচারে কারও সঙ্গে কোনো আপস করব না।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে সরকার ঢাকায় ফিরিয়ে আনছে না। তাঁকে পর্তুগালে বদলির সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান থেকে সরাসরি লিসবনে বাংলাদেশ দূতাবাসে যোগ দিতে পারেন তিনি।

আরও পড়ুন: