মৌয়াল হলেন কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় মৌয়াল। মধু সংগ্রহ করে তা বিক্রি করে চলে তাঁর সংসার। জমিজমাও নেই তেমন। সম্বল বলতে একটি আধা ভাঙা বাইসাইকেল। জীবিকার তাগিদে তাই মৌয়ালের পেশা বেছে নিয়েছেন রাজশাহীর বাগমারার দরগামাড়িয়া গ্রামের আবদুর রহমান (৫০)। এবার তিনি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। প্রচারণাও চালিয়ে যাচ্ছেন সমানতালে।
আবদুর রহমান বলেন, প্রতিদিন সকালে বাইসাইকেলে করে তিনি হাঁড়ি (পাতিল) ও মৌচাকে ধোঁয়া দেওয়ার খড়ের বুন্দা নিয়ে মৌচাকের সন্ধানে বের হন। পেশার খাতিরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে হয়। মৌচাকের সন্ধানে ছুটতে হয় বিভিন্ন ঝোপ-জঙ্গলে। প্রায় দেড় যুগ ধরে এই পেশায় আছেন তিনি। মৌচাক থেকে মধু সংগ্রহ করতে খুব একটা বেগ পোহাতে হয় না তাঁর। তাই মানুষকেও বশে আনা যাবে—এমন ধারণা তাঁর।
দীর্ঘদিন ধরে মাঠে থেকে লোকজনের অনেক সমস্যা তিনি লক্ষ করেছেন। অনেক কিছু সমাধানের আগ্রহ থাকলেও পারেন না। তাই একসময় নির্বাচন করে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তবে টাকার অভাবে নির্বাচনে প্রার্থী হতে পারেননি। এত দিন তিনি শুধু প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার এক বছর আগ থেকে প্রস্তুতি নিয়ে কিছু টাকাও জমিয়েছেন নির্বাচন করার জন্য।
মৌচাক থেকে মধু সংগ্রহ করে এর অর্ধেক চাক মালিককে দিয়ে যা থাকে তা নিয়ে এসে বিক্রি করেন। মধু বিক্রির কিছু টাকা সংসারে ব্যয় করেন এবং সামান্য পরিমাণ রেখে দেন নির্বাচনের খরচের জন্য। সেই জমানো টাকা দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমাও দিয়েছেন ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এখন তিনি পাঞ্জাবি প্রতীকের ভোট চেয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, তাঁর সঙ্গে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনিই একমাত্র পাঞ্জাবি প্রতীক চাওয়ার কারণে নিশ্চিত হয়ে ওই প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
এই ওয়ার্ডের অন্য তিনজন প্রার্থী হলেন বর্তমান কাউন্সিলর জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর আবদুল মজিদ ও তরুণ জহুরুল ইসলাম।
জিল্লুর রহমান বলেন, মৌয়াল আবদুর রহমানের প্রার্থী হওয়াকে তিনি স্বাগত জানিয়েছেন। সব শ্রেণি ও পেশার লোকজনের জনপ্রতিনিধিত্ব করার অধিকার রয়েছে। আরেক প্রার্থী জহুরুল ইসলাম বলেন, আবদুর রহমান অনেক দিন আগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন।
আবদুর রহমান জানান, এলাকার লোকজনের সেবা ও উন্নয়ন করার জন্যই তিনি প্রার্থী হয়েছেন। তিনি হলফনামায় নিজের পেশায় ব্যবসা উল্লেখ করেছেন বলে জানিয়েছেন।