মেয়র আইভীকে অভিনন্দন জানালেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল রোববার রাতে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সৈয়দ আশরাফ বলেন, ‘আইভীকে উষ্ণ অভিনন্দন। সঠিকভাবে দায়িত্ব পালনে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়া হবে।’ সৈয়দ আশরাফ বলেন, এ নির্বাচন ঘিরে সরকারের তিনটি লক্ষ্য ছিল; যেমন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা; সেনাবাহিনী মোতায়েন ছাড়াই যাতে জনগণ নির্ভয়ে ও অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থা করা এবং ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ব্যবহার করে ভোট নেওয়া। তিনটি লক্ষ্যই সরকার সফলতার সঙ্গে অর্জন করেছে। সৈয়দ আশরাফ বলেন, সেনাবাহিনী ছাড়াই মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। অথচ অনেকেই নারায়ণগঞ্জের নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে আশঙ্কা করেছিলেন। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। অবাধ ও নিরপেক্ষভাবে একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে। নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। কোথাও কেন্দ্র দখল, মারামারি বা সন্ত্রাস হয়নি।