মেয়র আইভীর বিরুদ্ধে শামীম ওসমানের মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুনি, সন্ত্রাসী ও গডফাদার’ বলে বক্তব্য দেওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম যুগ্ম আদালতের বিচারক মুন্সী মশিউর রহমানের আদালতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলাটি করা হয়।আদালত শুনানি শেষে আগামী ৫ মে মানহানির বিষয়ে জবাব দিতে মেয়র আইভীকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।আইভীর বিরুদ্ধে এই প্রথম কোনো মামলা হলো। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, সিপিবি, নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, তাঁর ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান এবং তাঁদের অনুগত কয়েকজন নেতা গত এক মাসে বিভিন্ন সময়ে মেয়র আইভী, নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম ও সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষকে হুমকি দিয়েছেন। পুলিশ ওই সব ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো শামীম ওসমান মেয়রের বিরুদ্ধে মানহানির মামলা করলেন।মামলা: গত ২৪ মার্চ শামীম ওসমান এক সংবাদ সম্মেলনে মেয়র আইভীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিতে ৪৮ ঘণ্টা সময় দেন। এর পরও আইভী বক্তব্য প্রত্যাহার না করায় গতকাল মামলা করেন তিনি।আদালতে শামীম ওসমানের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রশিদ ভূঁইয়া, মাসুদুর রউফসহ শতাধিক আইনজীবী।খোকন সাহা বলেন, ‘মেয়র আইভী গত এক মাসে গণমাধ্যমসহ বিভিন্ন সভা-সমাবেশ ও সেমিনারে রফিউর রাব্বির মেধাবী ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমানকে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার, সন্ত্রাসের লালনকারী উল্লেখ করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে সমাজে শামীম ওসমানের যথেষ্ট মানহানি হয়েছে। দলীয় নেতা-কর্মীদের পরামর্শে তিনি এই মামলা করেছেন।’এ ব্যাপারে আইভী বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। কাগজপত্র হাতে পাওয়ার পর আইনগতভাবে তা মোকাবিলা করা হবে।’নিন্দা: নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘সত্য কথা বলা সত্ত্বেও আইভীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন শামীম ওসমান।’নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘মেয়র আইভী খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি নারায়ণগঞ্জের ৯০ শতাংশ মানুষের মনের কথা বলায় শামীম ওসমান মানহানির মামলা করলেন।’জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির বলেন, ‘শামীম ওসমান বিভিন্ন হুমকি দিয়ে ও মামলা করে আইভীর কণ্ঠ স্তব্ধ করে দিতে চাইছেন।’জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘শুধু আইভী নন, তানভীর হত্যাকাণ্ডে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদেরও নানাভাবে হুমকি দিচ্ছেন শামীম ওসমান ও তাঁর পরিবার। এখন করা হলো হাস্যকর মামলা।’