
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার আটজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থন চেয়েছেন৷
এই আসনের সাবেক সাংসদ এস এম আকরাম জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক৷ ২০১১ সালে তিনি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিরোধিতা করেন এবং পরে দল থেকে সরে দাঁড়ান৷ আর সেলিম ওসমান এই আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ভাই৷ তিনি বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি৷
আগামী ২৬ জুন এই আসনে ভোট হবে৷ ১৩ জন মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন৷
আকরাম ও সেলিম ওসমানের বাইরে অন্যরা হলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবু হামিদুর রেজা খান ভাষানী, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার ও দলটির গাজীপুর জেলার সভাপতি ইকবাল সিদ্দিকী এবং মামুন সিরাজুল মজিদ৷ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী মনোনয়নপত্র কিনলেও জমা দেননি৷
গতকাল দুপুরে এস এম আকরাম মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকেরা জানতে চান, তিনি মেয়র আইভীর সমর্থন পাবেন কি না৷ জবাবে আকরাম বলেন, ‘২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এবং বহিষ্কার হওয়ার ঝুঁকি নিয়ে আইভীর নির্বাচন করেছি৷ শুধু তাই নয়, এর আগে ২০০৩ সালে পৌর নির্বাচনেও আইভীর পাশে থেকে তাঁর নির্বাচন করেছি৷ তাই আমি মনে করি, এ নির্বাচনে তিনি আমার পাশে থাকবেন৷’
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গতকাল সকালে সেলিম ওসমান নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ব্যবসায়ী, স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন৷ এ সময় তিনি েময়র আইভীর সমর্থন চাওয়ার কথা জানান৷ বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেলিম ওসমান সাংবাদিকদের বলেন, ‘আমি আমার ছোট ভাই শামীম ওসমানের কাছে নির্বাচনে যেভাবে সমর্থন চাই, ঠিক একইভাবে আমি ছোট বোন মেয়র সেলিনা হায়াত্ আইভীর কাছেও সমর্থন চাই৷’ তিনি আরও বলেন, রাজনীতিতে আসার তাঁর কোনো ইচ্ছা ছিল না৷ গত বুধবার সকালেও তিনি জানতেন না নির্বাচন করবেন৷ কিন্তু স্থানীয় ব্যবসায়ী, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাদের অনুরোধে তিনি নির্বাচন করতে রাজি হয়েছেন৷
প্রসঙ্গত, সিটি করপোরেশন নির্বাচনে আইভীর কাছে হেরে যান শামীম ওসমান৷ তখন থেকে তিনি আইভীর বিষোদ্গার করে আসছেন৷ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর তা আরও বেড়েছে৷ এই অবস্থায় শামীম ওসমানের ভাই সেলিম ওসমান মেয়র আইভীর সমর্থন চাওয়ায় জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী না দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা মেনে নিতে পারেননি৷ নেতা-কর্মীদের চাপে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন৷
অপর স্বতন্ত্র প্রার্থী নাগরিক সমাজের নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, ‘আমরা ত্বকী হত্যার বিচার এ সরকারের কাছ থেকে পাইনি৷ তাই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এ নির্বাচন৷ জয়ী হতে পারলে সংসদে গিয়ে আমরা ত্বকী হত্যার বিচার চাইব৷ তা ছাড়া নারায়ণগঞ্জকে গডফাদার, সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত করার লক্ষ্য নিয়েই এ নির্বাচনে অংশ নিচ্ছি৷’