মেয়র আনিসুল হকের অবস্থা স্থিতিশীল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁকে এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেয়রের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে গতকাল কথা হয় তাঁর মালিকানাধীন নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুন নূর তুষারের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘উনি (আনিসুল হক) এখনো একই রকম আছেন। এ ধরনের রোগের উন্নতি ধীরে ধীরে হয়।’
আনিসুল হকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে আব্দুন নূর তুষার আরও বলেন, ‘তাঁর সুস্থতার জন্য পরিবারের সদস্যরা সবার দোয়া কামনা করেছেন।’
আনিসুল হকের আশু রোগমুক্তির জন্য গতকাল সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চেম্বার ভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিল শুরুর আগে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, আনিসুল হক এফবিসিসিআইয়ের সভাপতি থাকাকালীন এবং এরপরও ব্যবসায়ীদের কল্যাণে অনেক কাজ করেছেন।
দোয়া মাহফিলে এফবিসিসিআইয়ের পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদসহ ব্যবসায়ী নেতা মো. এমদাদ হোসেন, মো. হিজকিল গুলজার প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কারি গোলাম আহমদ।