মেয়র আনিসুল হকের নামে ট্রাকস্ট্যান্ড সড়ক
প্রয়াত মেয়র আনিসুল হককে সম্মান জানাতে সাতরাস্তার মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সড়কটি মেয়র আনিসুল হকের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ রোববার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর করপোরেশনের ২১তম বোর্ড সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাতরাস্তার মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সড়কটিতে গড়ে উঠেছিল ট্রাকস্ট্যান্ড। বহু বছর ধরে প্রশাসন এই রাস্তা উদ্ধার করতে পারেনি। মেয়র আনিসুল হক সেই রাস্তা নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। ২০১৫ সালের ডিসেম্বরে সড়কটি দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। উদ্ধারের পর সংস্কার করে তিনি রাস্তাটির চেহারা বদলে দেন।
প্রায় ১০০ ফুট চওড়া এই সড়ক ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকাকে তেজগাঁও মহাখালী এবং বনানী-গুলশান-নিকেতনের সঙ্গে যুক্ত করেছে। ফার্মগেট ও তেজগাঁও এলাকার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট এবং কয়েকটি গণমাধ্যমের প্রধান কার্যালয়সহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন।
এদিকে ডিএনসিসির ২১তম বোর্ড সভায় বারিধারা পার্ক রোডের নাম কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের নামে ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২-এর রাজউক সেন্ট্রাল পার্কের নাম মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের নামানুসারে ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’ রাখা হয়।