মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁকে এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেয়রের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কথা হয় তাঁর সহকারী একান্ত সচিব এ কে এম মিজানুর রহমানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘উনি (আনিসুল হক) এখনো আইসিইউতে আছেন। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।’

আনিসুল হকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে মিজানুর রহমান আরও বলেন, ‘তাঁকে হয়তো আরও কিছুদিন আইসিইউতে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।’

মেয়রের স্ত্রী রুবানা হক বুধবার লন্ডন থেকে প্রথম আলোকে জানিয়েছিলেন, লন্ডনে যাওয়ার পর আনিসুল হকের ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ রোগ শনাক্ত হয়। ঢাকায় তাঁর রোগ চিহ্নিত হয়নি।