মেয়র আরিফুল ফের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল হক চৌধুরী
আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, মায়ের অসুস্থতার জন্য উচ্চ আদালত থেকে ১৫ দিনের জামিনে ছিলেন আরিফুল। জামিনের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গতকাল সকালে তিনি সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির হন। এ সময় তাঁর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক মকবুল আহসান তা নামঞ্জুর করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলার বিচার চলছে।
আদালত সূত্র জানায়, এ মামলায় সর্বশেষ পর্যায়ের তদন্তে সিলেটের মেয়র আরিফুল অভিযুক্ত হয়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কারাবন্দী হন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি কারাবন্দী থাকা অবস্থায় তাঁর মা আমেনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। একমাত্র ছেলে আরিফুলকে একনজর দেখতে আকুতি জানাচ্ছিলেন তিনি। মা ও ছেলের সাক্ষাতের জন্য উচ্চ আদালতে আরিফুলের জামিন প্রার্থনা করা হলে গত ২২ মার্চ হত্যা মামলায় ও ২৭ মার্চ বিস্ফোরক মামলায় তাঁর ১৫ দিনের জামিন মঞ্জুর হয়। ২৯ মার্চ তিনি কারাগার থেকে মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান। অসুস্থ থাকায় নিজেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন।