সাবেক অথর্মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশেনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর ফলে ওই মামলায় আরিফুলের জামিন বহাল রইল, তবে একই ঘটনায় বিস্ফোরক আইনে আরেকটি মামলা থাকায় এখনই আরিফুল মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
হত্যা মামলায় আরিফুলের জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর নিয়মিত জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। আরিফুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফি।