মেয়র আরিফুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আরিফুলের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন।
এর ফলে আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল হালিম কাফি। তিনি প্রথম আলোকে বলেন, একই সঙ্গে মেয়র পদে আরিফুল হক চৌধুরীর দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপির এই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আরিফুল হক চৌধুরীকে সিলেটের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার তিনি হাইকোর্টে রিটটি করেন। আদালতে আরিফুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রুলে সাময়িক বরখাস্তের ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব, স্বরাষ্ট্রসচিব, সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেল বরাবরে নোট দেওয়া হয়েছে।
মেয়র পদ ফিরে পাওয়াকে আরিফুল হক চৌধুরী সিলেট নগরবাসীর বিজয় বলে অভিহিত করেছেন। গতকাল বিকেলে প্রথম আলোকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি মাত্র এক বছরের কম সময় মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এ সময়ের মধ্যে পরিবর্তনের সূচনা করেছিলাম। কিন্তু আমাকে কারাগারে নিয়ে নগরবাসীর রায়কে কেড়ে নেওয়া হলো। এখন নগরবাসীর ভোটে যে পদে আমি আসীন হয়েছিলাম, সেই পদ ফিরে পাওয়ায় এটাকে নগরবাসীর আরেক বিজয় হিসেবে দেখছি।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ জুন আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি হয়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ জানুয়ারি জামিনে মুক্তি লাভ করেন আরিফুল হক।