স্বামীর প্রক্সি দিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জুরী মোর্শেদা। তাঁর স্বামী ফারুক আহম্মেদও বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে মেয়র প্রার্থী। কিন্তু কোনো কারণে যদি স্বামীর প্রার্থিতা বাতিল হয় তবে তাঁর হয়ে মঞ্জুরী মোর্শেদা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। গতকাল রোববার যাচাই-বাছাইয়ে স্বামী-স্ত্রী দুজনের মনোনয়নপত্রই বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
প্রক্সি প্রার্থী হলেও মঞ্জুরী মোর্শেদা হলেন গাইবান্ধার তিনটি পৌরসভার মোট ২৫ জন মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী। তিনিসহ গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন মোট আটজন। অন্য সাতজন মেয়র প্রার্থী হলেন আতাউর রহমান সরকার (আওয়ামী লীগ), ফারুক আহম্মেদ (বিএনপি), আখতার হোসেন জুয়েল (জাতীয় পার্টি), মতিন মোল্লা (ওয়ার্কার্স পার্টি), মুকিতুর রহমান রাফি (আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী), জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী), আবুল কালাম আজাদ (জামায়াত)।
মঞ্জুরী মোর্শেদার আরেক পরিচয় হলো, তিনি গোবিন্দগঞ্জ পৌর বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক। তাঁর স্বামী ফারুক আহম্মেদ পৌর বিএনপির সভাপতি। মামলার কারণে বর্তমানে আত্মগোনে আছেন তাঁর স্বামী বিএনপি নেতা। এ অবস্থাতেই পলাতক থাকা ফারুক আহম্মেদ বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে মেয়র প্রার্থী হয়েছেন।
গোবিন্দগঞ্জ পৌর বিএনপির একাধিক সূত্র জানায়, ফারুক আহম্মেদ একাধিক নাশকতা মামলার আসামি। তিনি পলাতক থেকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। কোনো কারণে যাচাই-বাছাইয়ে ফারুক আহম্মেদের মনোনয়নপত্র বাতিল হলে তাঁর স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা থেকেই প্রক্সি প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গতকাল যাচাই-বাছাইয়ে তাঁদের দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
এখন স্বামী-স্ত্রী দুজনের প্রার্থিতা বৈধ হওয়া প্রসঙ্গে মঞ্জুরী মোর্শেদা বলেন, ‘আপাতত দুজনই প্রার্থী আছি। কী করব, এখনো সিন্ধান্ত হয়নি।’
শেষ পর্যন্ত প্রার্থী হয়ে নির্বাচিত হলে কী করবেন, জানতে চাইলে মঞ্জুরী মোর্শেদা বলেন, ‘আমাদের সমাজে নারীরা নানা দিক থেকে বৈষম্যের শিকার। বিশেষ করে নারী জনপ্রতিনিধিরা পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। তাই নির্বাচিত হলে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে পদক্ষেপ নেব।’
ফারুক আহম্মেদ বলেন, ‘হয়রানিমূলক একাধিক নাশকতা মামলায় আমাকে জড়ানো হয়েছে। এমনকি যেসব নেতা-কর্মীর নামে মামলা নেই, তাঁদেরও গ্রেপ্তার করে মামলায় জড়ানো হচ্ছে। আমার বিরুদ্ধে যারা হয়রানিমূলক মামলা দিয়েছে, তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার মনোনয়নপত্রও বাতিল করতে পারে। তাই স্ত্রীর মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।’
দুজনের মনোনয়নপত্রই বৈধ হওয়ায় এখন কী করবেন, জানতে চাইলে ফারুক আহম্মেদ বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখব। কারণ, আমরা বিরোধী দল করি। উপরন্তু পলাতক থেকে প্রচারণা চালাতে হচ্ছে। তাই শেষ পর্যন্ত আমি প্রার্থী হিসেবে টিকে থাকতে পারলে আমার স্ত্রী প্রত্যাহার করে নেবেন।’