মেয়র ও চেম্বার সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা ও চট্টগ্রামে নিযুক্ত সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনে মেয়রের কার্যালয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে মেয়র আ জ ম নাছির বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের উত্থান বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্য শঙ্কার কারণ হিসেবে দেখা দিয়েছে। জঙ্গিরা যাতে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যেতে না পারে, সে জন্য দুই দেশকে সজাগ থাকতে হবে।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক, গিয়াস উদ্দিন, করপোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এদিকে গতকাল দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সৌজন্য সাক্ষাৎ করেন আদর্শ সোয়াইকা ও সোমনাথ হালদার। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ ও মো. অহীদ সিরাজ চৌধুরী।
চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম বন্দর এবং বে-টার্মিনাল নির্মাণ নিয়ে দুজনের সঙ্গে কথা বলেন। এ ছাড়া মিরসরাইয়ে বাস্তবায়নাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগের প্রত্যাশা করেন তিনি।
চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭-এ ভারতকে সহযোগী দেশ হওয়ার আহ্বান জনান।
ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা বলেন, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির মাধ্যমে স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে পণ্য পরিবহনের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক গুণ বৃদ্ধি পাবে।