জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র ও সংরক্ষিত আসনের একজন মহিলা কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোট গ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। এতে মেয়র পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ভোট গ্রহণের দিন ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা না হলে সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুকসানা বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ দুটি পদে উপনির্বাচন হচ্ছে।
মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাবেক ছাত্রনেতা শেখ মোহাম্মদ নুরুন্নবী, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক ছাত্রনেতা শাহ্ নেওয়াজ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি-সমর্থিত এ কে এম মুছা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে শাহ নেওয়াজ ১১ আগস্ট থেকে একটি মামলায় কারাগারে রয়েছেন। ২১ আগস্ট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় তাঁকে অপর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তাঁর পরিবারের অভিযোগ, শাহ নেওয়াজের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং রাজনৈতিক কারণে তাঁকে একের পর এক মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে।
বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ কে এম মুছা বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে দেওয়ানগঞ্জ পৌরসভার বেশ কয়েকজন ভোটার আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে একজন মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা সহিংসতা ঘটাতে পারেন। জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, দেওয়ানগঞ্জ পৌরসভার উপনির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রায়পুরে ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন: আমাদের রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হবে। ওই পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওই ইউপির চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তদারক করবেন।