বরগুনা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতে শহরের চলমান ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড থমকে পড়ার আশঙ্কা করছেন পৌর নাগরিকেরা। পৌরসভার ১২ জন কাউন্সিলর একজোট হয়ে মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তাঁরা গত বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উন্নয়নমূলক কর্মকাণ্ডে মেয়রের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। অন্যদিকে জীবননাশের হুমকি দেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বর্তমান মেয়র। মেয়র কয়েক দিন ধরে পুলিশ প্রহরায় অফিস করছেন। পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, বরগুনা শহরের নজরুল ইসলাম সড়ক, বঙ্গবন্ধু সড়ক, বালিকা বিদ্যালয় সড়ক, ডিকেপি শাখা সড়ক, পোস্ট অফিস সড়কসহ কমপক্ষে সাতটি সড়ক বর্ধিতকরণের কাজ চলছে। ইউজিআইআইপি প্রকল্পের অধীনে সাড়ে ছয় কোটি টাকার এ কাজ হচ্ছে। সওজের অর্থায়নে সদর রোডের পাঁচ কিলোমিটার রাস্তার দুই পাশ খুঁড়ে ৪৮ ফুট প্রশস্ত করে ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া পৌরসভার নিজস্ব তহবিলের অর্থায়নে নাথপট্টি লেকের সৌন্দর্যবর্ধন, শিশুপার্ক, ঈদগা মাঠ নির্মাণ, পাঁচটি স্টল, শৌচাগার, দুটি তোরণ, পাঁচটি ভাস্কর্য নির্মাণসহ ২০টি রাস্তার নির্মাণকাজ চলছে। জানা গেছে, এসব উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে মাস খানেক আগে থেকেই পৌর কাউন্সিলরদের সঙ্গে মেয়র শাহাদাত হোসেনের মতবিরোধ শুরু হয়। কিন্তু গত বৃহস্পতিবার কাউন্সিলররা বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মেয়রের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করার পর তা প্রকাশ্যে চলে আসে। লিখিত অভিযোগে কাউন্সিলররা বলেন, মেয়র মো. শাহাদাত হোসেন নির্বাচিত হওয়ার পরই বিনা দরপত্রে পৌরভবনের সৌন্দর্য বর্ধনের কাজ করেন। পৌরবাসীর বাহবা নিতে মেয়র ব্যক্তিগত অর্থে ঈদগাহ মাঠ পাকা ও বিনা দপরপত্রে সার্কিট হাউসের মাঠ বালু দিয়ে ভরাট করেন। আটটি গেট নির্মাণে চার লাখ ৫৮ হাজার ৪৭০ টাকা, থানাপাড়ার নালা বর্ধিতকরণে ২৩ লাখ, জেলা প্রশাসক ভবনের সামনে ব্যাডমিন্টন কোর্ট তৈরিতে চার লাখ টাকাসহ বেশ কয়েকটি কাজে নামমাত্র দরপত্র আহ্বান করে নিজের লোকদের কাজ দিয়ে দেন। সদর রোড প্রশস্তকরণ কাজেরও কোনো দরপত্র আহ্বান করা হয়নি। সংবাদ সম্মেলনে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমীন লিখিত বক্তব্যে মেয়রের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। এ সময় অন্য আটটি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।মেয়র শাহাদাত হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ১১ মাসে শহরে যে কাজ হচ্ছে তা ৩০ বছরে হয়নি। পৌরসভায় যে পরিমাণ অর্থ বরাদ্দ তাতে এত কাজ করা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন বিভাগে যোগাযোগ করে পৌর এলাকায় অনেক কাজ করাচ্ছি। এসব কাজের দরপত্র তো পৌরসভা আহ্বান করতে পারে না।’ তিনি বলেন, ‘কাউন্সিলররা শুরু থেকেই আমার কাছে কাজ চায়। আমি কিছু কাজ দিয়েছিলাম। কিন্তু কাজ না করেই তাঁরা আগাম বিল ও আরও কাজ দিতে বলেন। তাঁরা আমাকে জিম্মি করে স্বার্থ আদায় করতে চান। না পেরে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এমনকি সদর রোডের কাজ বন্ধ করতে গেছেন।’ মেয়র বলেন, ‘শহরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে সাবেক মেয়রের ইন্ধনে এখন তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। তারা চাইছে, চলমান কাজগুলো বন্ধ হয়ে গেলে শহরবাসী দুর্ভোগে পড়বে। আর এতে আমি দ্রুত জনপ্রিয়তা হারাব। কিন্তু এটা তো আমাকে ঘায়েল করতে জনগণের সঙ্গে প্রতারণা। নিরাপত্তাহীনতার কারণে আমি সাবেক মেয়র মো. শাহজাহানসহ ১৪ জনের বিরুদ্ধে একটি জিডি করেছি।’বরগুনা প্রেসক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে সাবেক মেয়র মো. শাহজাহান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন। তিনি বলেন, ‘১১ বছরের বেশি সময় মেয়র ছিলাম। এবারের নির্বাচনে হেরে যাওয়ার পর আইন পেশা শুরু করেছি। আমি বর্তমান কাউন্সিলদের নিয়ে কখনো কোনো সভা করিনি এবং তাদের সঙ্গে ষড়যন্ত্রেও লিপ্ত নই।’এদিকে ৩ ফেব্রুয়ারি থেকে পৌর ভবনে পুলিশ প্রহরা বসানো হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রাজিয়া বেগম বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও বরগুনা শহরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। কোনোভাবেই এই উন্নয়নের গতিকে থামিয়ে দেওয়া ঠিক হবে না। তাতে নাগরিকদের ভোগান্তি বাড়বে। তবে এসব উন্নয়ন কর্মকাণ্ডের দরপত্র প্রক্রিয়ায় অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে। এ জন্য মেয়র ও কাউন্সিলরদের সমন্বয় থাকার পাশাপাশি সব উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিকদের মতামতের গুরুত্ব দিতে হবে।’