জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র এবং ১০ কাউন্সিলর পাল্টাপাল্টি দুর্নীতির অভিযোগ করেছেন। পৌরসভার ১০ কাউন্সিলর পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সোমবার জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন। গতকাল রোববার পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার ওই ১০ কাউন্সিলরের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সমেঞ্চলন করেন। গতকালের সংবাদ সম্মেলনে মেয়র লিখিত বক্তব্যে বলেন, ২০১১-১২ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় পাঁচটি প্রকল্প গ্রহণ করা হয়। ওই সব প্রকল্পের মধ্যে মাত্র একটির কাজ হয়েছে। কাজ না করে ওই ১০ কাউন্সিলর বাকি চারটি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া গম আত্মসাৎ করেছেন। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম পৌরসভার নালার ইট নিয়ে তাঁর বাড়ির প্রাচীর নির্মাণ করেছেন। কাউন্সিলরদের পক্ষে সিরাজুল ইসলাম ও সাজ্জাদুর রহমান তাঁদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সিরাজুল ইসলাম দাবি করেন, পৌরসভার নালার ইট দিয়ে তিনি প্রাচীর নির্মাণ করেননি। ২ জুলাই ১০ কাউন্সিলর জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন। তাঁরা হলেন সাজ্জাদুর রহমান, আমিরুল ইসলাম খান, ওবায়দুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুল খালেক, রেজাউল ইসলাম, আল-মোহসীন, রেজাউল ইসলাম, তহমিনা খাতুন ও জান্নাতি বেগম। ওই দিন লিখিত বক্তব্যে কাউন্সিলর সাজ্জাদুর রহমান অভিযোগ করেন, মেয়র একটি হাট ১৫ লাখ টাকায় ইজারা দিয়ে সাড়ে সাত লাখ টাকা পৌরসভায় জমা দেন এবং বাকি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তিনি নিজস্ব ঠিকাদারদের মাধ্যমে নামে-বেনামে পৌরসভার উন্নয়নমূলক কাজ করে অর্থ আত্মসাৎ করেছেন। মেয়র তৌফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা পৌর তহবিল ও উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ করার অভিযোগ অস্বীকার করেছেন।