কক্সবাজারের চারটি পৌরসভায় (সদর, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী) নির্বাচিত চারজন মেয়র ও ৫২ জন কাউন্সিলরের শপথ গ্রহণ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে গত বুধবার চট্টগ্রামে গিয়েও শপথ না নিয়ে ফিরে আসতে হয়েছে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের।গত ২৭ জানুয়ারি এই চার পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও আইনি জটিলতার কারণে এক মাসেরও বেশি সময় ধরে তাঁরা শপথ নিতে পারছিলেন না। আইনি জটিলতা দূর হলে নির্বাচন কমিশন সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর আদেশ দেন।কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র সরওয়ার কামাল জানান, বুধবার শপথ গ্রহণের জন্য তিনিসহ চারটি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা চট্টগ্রাম যান। শপথ অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু ওই দিন বিকেল চারটায় হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে শপথ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। এতে নির্বাচিত জনপ্রতিনিধিরা হতাশ হয়ে পড়েন এবং ঘটনাস্থলে বিক্ষোভ করেন।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, হাইকোর্টের স্থগিতাদেশের কারণে শপথ অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব হয়নি।