মেয়র-কাউন্সিলরদের শপথ হয়নি, উন্নয়নকাজে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়েছে ১০ দিন আগে। গেজেটও প্রকাশিত হয়েছে। কিন্তু জয়ী মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের শপথের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে নতুন বছরের বাজেটও দেওয়া হয়নি। নির্বাচনী বাধ্যবাধকতার কারণে অর্থ ব্যয়ের সুযোগ না থাকায় বিগত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৯ কোটি টাকা ফেরত যাওয়ার পথে। বৃষ্টির কারণে নগরের রাস্তাঘাটে খানাখন্দকের সৃষ্টি হলেও তা মেরামত করা যাচ্ছে না। ফলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রমে স্থবিরতা চলে এসেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলম এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে। কিন্তু শপথ কখন হবে তা জানি না। তিনি বলেন, নতুন অর্থবছরের শুরুতে বাজেট প্রণয়ন করাটা মেয়রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন বাজেটে থাকতে হয়। তিনি বলেন, ‘আমি নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। মুখ রক্ষার বাজেট দিতে চাই না।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাষ প্রথম আলোকে বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন দেওয়া আর আবর্জনা পরিষ্কারের কাজ তদারক করা ছাড়া আমার তেমন কোনো কাজ নেই। নতুন মেয়র এসে যা প্রয়োজন করবেন।’নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১১ মে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে থেকে করপোরেশনে রুটিন কাজের বাইরে সব ধরনের উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকে। এখনো সে অবস্থা অব্যাহত আছে। তফসিল ঘোষণার পর ২০ মে তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী পদত্যাগ করেন। ফলে গত দেড় মাস চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রবিহীন রয়েছে। এ সম্পর্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নতুন মেয়র না আসায় করপোরেশনের সব বিভাগে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আমরাও রুটিন কাজের বাইরে কোনো কাজ করতে পারছি না।’ কবে নাগাদ নির্বাচিত প্রতিনিধিদের শপথ করানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচিত মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের ফাইল প্রধানমন্ত্রীর কাছে গেছে। তবে কবে নাগাদ শপথ করানো হবে তা এখনো জানি না।’জানা যায়, গত ১৭ জুন নির্বাচন অনুষ্ঠানের পর ২৩ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের গেজেট প্রকাশিত হয়। তবে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ কখন করানো হবে তা সরকার ঘোষণা করেনি। নির্বাচনের পরপরই করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেছিলেন, বিগত অর্থবছর এবং নতুন অর্থবছরের সন্ধিক্ষণে নির্বাচন হওয়ায় শিগগিরই বিজয়ীদের শপথ করানো হবে, যাতে তাঁরা দায়িত্ব পালন করতে পারেন। গত কয়েক দিনে একাধিকবার চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা ও কর্মচারীরা একপ্রকার অলস সময় কাটাচ্ছেন। করপোরেশনের কাজ করা সাড়ে তিন শ ঠিকাদারের ভিড়ও নেই সেখানে।