মেয়র কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদের গত ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ ইউএনওকে লাঞ্ছিত ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গতকাল সোমবার দুপুরে আবু সাঈদ শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শ্রীবরদীর ইউএনও হাবিবা শারমীন বাদী হয়ে গত ১৬ এপ্রিল এ মামলা করেন। মামলায় আবু সাঈদের বিরুদ্ধে ইউএনওর ওপর হামলা, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া, অশোভন আচরণ, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনসহ নির্বাচনের দিন সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগ আনা হয়।