মেয়র কারাগারে, বেতন পাচ্ছেন না ১২০ কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন জেলে থাকায় চার মাস ধরে বেতন পাচ্ছেন না পৌরসভার ১২০ জন কর্মকর্তা-কর্মচারী। সেই সঙ্গে বন্ধ রয়েছে পৌরসভার সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সান্তাহার পৌরসভায় বিএনপিদলীয় প্রার্থী তোফাজ্জল হোসেন মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আট দিন পর ৮ জানুয়ারি দুপুরে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষে শফিকুল ইসলাম এবং সোহরাব হোসেন নামের দুই শ্রমিক নিহত হন। নিহত শফিকুল ইসলাম ছিলেন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগদলীয় একমাত্র প্রার্থী রাশেদুল ইসলামের ছোট ভাই। এ খুনের ঘটনায় ১০ জানুয়ারি রাতে মেয়র তোফাজ্জল হোসেনসহ ৭৩ জনকে আসামি করে রাশেদুল ইসলামের বড় ভাই নুর ইসলাম আদমদীঘি থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকে পলাতক থাকায় গত ১৫ জানুয়ারি বগুড়ায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে হাজির হননি মেয়র তোফাজ্জল হোসেন। গত ২৮ জানুয়ারি মেয়র হাইকোর্ট থেকে জামিন নিয়ে পরদিন বগুড়ায় শপথ নিতে এলে তাঁকে আদমদীঘি থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়। ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র প্যারোলে শপথ নেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
সান্তাহার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান জানান, মেয়রের অনুপস্থিতে পৌরসভার সব আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। এতে পৌরসভার ১২০ জন কর্মকর্তা-কর্মচারী গত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পাচ্ছেন না।