মেয়র কারাগারে, বেতন পান না ১২০ কর্মচারী
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন কারাগারে থাকায় চার মাস ধরে বেতন পাচ্ছেন না পৌরসভার ১২০ জন কর্মকর্তা-কর্মচারী। বেতন-ভাতার পাশাপাশি বন্ধ রয়েছে পৌরসভার সব উন্নয়ন কর্মকাণ্ড।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সান্তাহার পৌরসভায় বিএনপিদলীয় প্রার্থী তোফাজ্জল হোসেন মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আট দিন পর ৮ জানুয়ারি দুপুরে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষে শফিকুল ইসলাম এবং সোহারাব হোসেন নামের দুই শ্রমিক নিহত হন। নিহত শফিকুল ইসলাম ছিলেন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগদলীয় একমাত্র প্রার্থী রাশেদুল ইসলামের ছোট ভাই। এ খুনের ঘটনায় ১০ জানুয়ারি রাতে মেয়র তোফাজ্জল হোসেনসহ ৭৩ জনকে আসামি করে রাশেদুল ইসলামের বড় ভাই নুর ইসলাম আদমদীঘি থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকে পলাতক থাকায় গত ১৫ জানুয়ারি বগুড়ায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে হাজির হতে পারেননি মেয়র তোফাজ্জল হোসেন। পরে গত ২৮ জানুয়ারি মেয়র হাইকোর্ট থেকে জামিন নিয়ে পরদিন বগুড়ায় শপথ নিতে এলে তাঁকে আদমদীঘি থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়। পরে ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র প্যারোলে শপথ নেন। তখন থেকে তিনি জেলহাজতে রয়েছেন।
সান্তাহার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মেয়রের অনুপস্থিতিতে পৌরসভার সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। এর ফলে পৌরসভার ১২০ জন কর্মকর্তা-কর্মচারী গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন-ভাতা পাচ্ছেন না। তিনি বলেন, আর্থিক লেনদেন বন্ধ থাকায় বেতন-ভাতার পাশাপাশি সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।
সান্তাহার পৌরসভার কার্যসহকারী মতিয়ুর রহমান বলেন, বেতন-ভাতা বন্ধ থাকায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। কয়েক মাস ধরে ধারদেনা করে কর্মচারীদের সংসার চলছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রাজন বাঁশফোর বলেন, বেতনের টাকা ছাড়া তাঁদের আয়ের আর কোনো পথ নেই, এ কারণে খেয়ে না-খেয়ে দিন চলছে। পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দীন খান বলেন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদ, প্রত্যয়নপত্র দেওয়া এবং সালিস-দরবার ছাড়া পৌরসভায় অন্য কোনো কাজ হচ্ছে না। তিনি বলেন, বেতন-ভাতার জন্য কর্মচারীরা প্রতিদিন দাবি করছেন, কিন্তু মেয়র না থাকায় তাঁদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জার্জিস আলম বলেন, মেয়রের অনুপস্থিতিতে পৌরসভার ঠিকাদারদের বিল বন্ধ রয়েছে, তাঁরা দিনের পর দিন এসে পৌরসভায় ধরনা দিচ্ছেন।