মেয়র কার্যালয়ের তিন কর্মীকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ের তিন কর্মীকে গতকাল রোববার তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাঁরা হলেন মেয়রের একান্ত সহকারী মোহাম্মদ কামরুল ইসলাম, পিয়ন আবদুল মান্নান ও সহকারী মঞ্জুর আলম। এঁদের মধ্যে কামরুল ইসলাম ও আবদুল মান্নানকে পরিচ্ছন্নতা বিভাগে এবং মঞ্জুর আলমকে পতেঙ্গা সিটি করপোরেশন কলেজে বদলি করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত তাঁদের কোনো পদায়ন করা হয়নি।চট্টগ্রাম সিটি করপোরেশনের সহকারী সচিব মো. নজরুল ইসলাম বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে সকালেই তাঁদের বদলি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলায় দুটি দোকান মাত্র এক লাখ টাকায় কৌশলে নিয়ে নেন কামরুল ইসলাম ও আবদুল মান্নান। অথচ, বর্তমান বাজারদর অনুযায়ী দোকান দুটির দাম প্রায় ৮০ লাখ টাকা। মেয়রের অগোচরেই এ কাজ করেন তাঁরা। বিষয়টি নিয়ে গতকাল রোববার প্রথম আলোতে ‘৮০ লাখ টাকার দোকান এক লাখ টাকায়!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ কারণে মেয়র মোহাম্মদ মন্জুর আলম তাঁদের বদলি করেন। ফাইল আনা-নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে মেয়র কার্যালয়ের সহকারী মঞ্জুর আলমকে বদলি করা হয়।