মেয়র খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগ করে ডিসিসিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার রাতে দুদকের সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।শাহবাগ থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ‘মিজানুর রহমান, সামি ফয়সাল, এ এস এ হাসানুজ্জামান, আতাহার আলী খান ও সাইফুল্লাহকে কর কর্মকর্তা পদে ২০০৬ সালের ১৮ অক্টোবর পেছনের তারিখে নিয়োগ দেওয়া হয়। এভাবে মিথ্যা তথ্য দিয়ে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সিটি করপোরেশনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ওই একই দিন মৌখিক পরীক্ষা, ফলাফল প্রকাশ, নিয়োগপত্র গ্রহণ ও চাকরিতে যোগদানের মাধ্যমে তারা কর্মরত দেখিয়ে বেতন ভাতা উত্তোলন করেন। তাঁদের এ কর্মকাণ্ডে সহায়তা করেন ডিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।’ মেয়র খোকা ও নিয়োগপ্রাপ্ত ওই পাঁচ কর্মকর্তাসহ মামলার অপর আসামিরা হচ্ছেন—সাবেক নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ, সাবেক সচিব আলমগীর হোসেন খান, সাবেক প্রধান প্রকৌশলী মেহেদী আলী খান, সাবেক প্রধান হিসাবরক্ষক মো. নুরুন্নবী, সাবেক রাজস্ব কর্মকর্তা সাখাওয়াত উল্লাহ, সাবেক সহকারী সচিব আসাদুজ্জামান ও উপ-কর কর্মকর্তা মো. মজিবর রহমান। দুদক সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ডিসিসিতে মোট ৪৯ জন কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ দেওয়া হয়। মেয়রসহ ডিসিসির ১৩ কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নিয়ে এ নিয়োগ দিয়েছিলেন। তদন্তে এ বিষয়ে অভিযোগের প্রমাণ পাওয়ার পর দুদুক এ মামলা দায়ের করে। ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, এসব নিয়োগ একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। মেয়র চাইলেই নিজের খেয়ালখুশিমতো কাউকে চাকরি দিতে পারেন না। এদের চাকরির ক্ষেত্রেও সেটা হয়েছে।